
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবারের বাজেটকে ঐতিহাসিক আখ্যা দিলেও অন্ধ বাজেট বলে কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
তাঁর দাবি, যুব সমাজের রোজগার নেই, কৃষকদের হাল বেহাল। দেশের মূল সমস্যার বিষয়ে এরা অজ্ঞাত।বাজেট ঘোষণার পর সোশাল মিডিয়ায় এই বাজেটের বিরোধিতায় সরব হয়েছেন রাহুল গান্ধী।এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন,দেশের যুবসমাজের রোজগার নেই, ম্যানুফেকচারিং লাগাতার নিচের দিকে নামছে, বিনিয়োগকারীরা টাকা তুলে নিচ্ছেন, মানুষের ক্রয় ক্ষমতা লাগাতার কমছে। দেশের কৃষকদের অবস্থাও বেহাল। ভবিষ্যতের সংকটগুলিকে এড়িয়ে যাওয়া হচ্ছে। এমন একটা সময়ে সরকার যে বাজেট পেশ করেছে তাতে স্পষ্ট যে মোদি সরকার চায় না এইসব সমস্যা শোধরাতে। দেশের মূল সমস্যাগুলি সম্পর্কে এই সরকার অজ্ঞাত।
রাহুল গান্ধীর পাশাপাশি মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেছেন, নতুন কিছু ভাবার মতো শক্তি নেই মোদি সরকারের। যে বাজেট পেশ করা হল তা দেশের আর্থিক, সামাজিক, রাজনৈতিক সমস্যাগুলির সমাধানে ব্যর্থ। বাজেটের কোনও দূরদৃষ্টি সম্পন্ন পরিকল্পনা নেই। নীতিগত দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক ইচ্ছাশক্তির অভাব রয়েছে বাজেটে।







