
বিধানসভা নির্বাচন উপলক্ষে কেরলে প্রচারে গিয়ে পিনারাই বিজয়ন সরকারকে তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারত বিদেশনীতি থেকে অর্থনীতি সমস্ত কিছু নরেন্দ্র মোদি সরকারকে তোপ দাগার পাশাপাশি রাহুল গান্ধী বলেছেন, ভারতের নীতিনির্ধারণে এখন আমেরিকা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রভাব অত্যন্ত বেশি।
ঠিক একইভাবে কেরলের বিজয় সরকারকে নিয়ন্ত্রণ করেন নরেন্দ্র মোদি। পাশাপাশি কেরলের বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রাহুল গান্ধী বলেছেন, শবরিমালা মন্দির সংক্রান্ত ঘটনাতেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁর অভিযোগ, বামরা সোনা চুরি করেছে, তার বদলে পিতল বসিয়েছে। শবরিমালায় তাঁদের নেতারা চুরি করেছেন, অথচ কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। একই সঙ্গে বিজেপি কেন কেরলের বাম সরকারকে তেমন আক্রমণ করে না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। রাহুল গান্ধীর দাবি, রাজনৈতিক স্বার্থেই বিজেপি এই অবস্থান নিচ্ছে। তাঁর কথায়, কারণ, মোদি কেরলে বাম সরকারই চান। তাঁর মতে, বিজেপি জানে বামপন্থীরা জাতীয় স্তরে তাদের কার্যকরভাবে চ্যালেঞ্জ করতে পারবে না, সেই ক্ষমতা রয়েছে কেবল কংগ্রেসের।
তবে শুধু বামফ্রন্ট সরকার নয়, কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারকেও একহাত নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, ভারত যদি রাশিয়া, ইরান বা সৌদি আরব থেকে তেল কিনতে চায়, তাহলে আমাদের ডোনাল্ড ট্রাম্পের অনুমতি নিতে হয়। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না।তাঁর অভিযোগ,ভারতের সমস্ত ডেটা আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে। তারা যেখানে খুশি ভারতের ডেটা সংরক্ষণ করতে পারে। যেমন খুশি ব্যবহার করতে পারে।








