
দেশের যুবসমাজ একজোট করতে ও তাঁদের মন পেতে বড়সড় অভিযানে নামছে কংগ্রেস। আগামী ১৭ জুন রাহুল গান্ধীর হাত ধরে শুরু হচ্ছে কংগ্রেসের এই নয়া কর্মসূচি। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল বলেছেন, দেশের ছাত্রছাত্রী, চাকরিপ্রার্থী, যুব সমাজ ও শিক্ষাবিদদের একত্রিত করতে দেশব্যাপী অভিযানে নামছে কংগ্রেস।
১৭ জুন রাহুল গান্ধীর উপস্থিতিতে কোটা থেকে শুরু হচ্ছে এই কর্মসূচি। এরপর ১০ জুলাই এলাহাবাদ, ১১ জুলাই পাটনা ও ১৪ জুলাই দিল্লিতে চলবে কর্মসূচি। ভেনুগোপালের কথায়, ছাত্রছাত্রী, পরীক্ষার্থী, যুব সংগঠন, শিক্ষাবিদ এবং পরীক্ষা কেলেঙ্কারিতে সরাসরি ক্ষতিগ্রস্ত সকলকে একত্রিত করা হবে এই কর্মসূচিতে। দেশজুড়ে চলা এই কর্মসূচিতে কংগ্রেসের সকল সংগঠনকে দেশব্যাপী পড়ুয়াদের একজোট করার বার্তা দিয়েছেন রাহুল গান্ধী। ভেনুগোপাল বলেছেন, কংগ্রেসের সকল কর্মী ও সংগঠনকে নির্দেশ দেওয়া হয়েছে, বড় পরিসরে ক্যাম্পাস, কোচিং সেন্টার, বিশ্ববিদ্যালয়, স্কুল এবং যুব কেন্দ্রগুলি গিয়ে মত বিনিময়ের। সোশাল মিডিয়া, লাইভ স্ক্রিনিং এবং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
ভেনুগোপাল আরও বলেছেন যে, এই কর্মসূচিতে রাহুল গান্ধীর পূর্বে উত্থাপিত দাবিগুলো নিয়ে রাস্তায় নামবেন। যার মধ্যে রয়েছে নিট-এর প্রশ্নফাঁস, পরীক্ষার ফি বাতিল, প্রশ্নপত্র ফাঁসের চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ-সহ শিক্ষাক্ষেত্রে সরকারের গা ছাড়া মানসিকতা। দেশের তরুণরা যাতে দুর্নীতি, অযোগ্যতা বা রাজনৈতিক উদাসীনতার বলি না হন সেই লক্ষ্যেই এই কর্মসূচি। পড়ুয়াদের স্বার্থকে মাথায় রেখে কংগ্রেসের এই কর্মসূচিকে সফল করতে দেশের যুবসমাজকে আহ্বান জানানো হচ্ছে হাত শিবিরের তরফে।
