
আদানি ইস্যুতে সংসদে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে গোলাপফুল ও জাতীয় পতাকা উপহার দিয়ে অভিনব প্রতিবাদ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সংসদে কেন শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে কোনও আলোচনা হচ্ছে না, তা নিয়ে প্রতিবাদ করতে গিয়ে গান্ধীগিরি’র পথে অনুসরণ করেছেন রাহুল গান্ধী।
বুধবার সকালে সংসদ ভবনের বাইরে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের প্রতিবাদ করার সময়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের হাতে হাসিমুখে গোলাপ এবং জাতীয় পতাকা তুলে দিয়েছেন কংগ্রেস সাংসদ।কংগ্রেসের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে সব অভিযোগ ও বিরোধিতা চলছে, সেই প্রেক্ষাপটে অহিংসার বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এই কর্মসূচি। কংগ্রেসের দাবি, বিরোধী মতকে দমিয়ে রাখতে সরকার বিভিন্ন প্রক্রিয়া ব্যবহার করছে। এমন পরিস্থিতিতে মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা এই পদক্ষেপ নিয়েছে।এদিন বিরোধীদের তরফে উপহার পাওয়া গোলাপ ও তেরঙ্গা হাতে নিয়ে এনডিএ সাংসদরা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন।
প্রতিবাদে সামিল কংগ্রেস সাংসদরা বলেছেন, তাঁরা দ্বন্দ্বে বিশ্বাসী নন। শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমেই নিজেদের বক্তব্য তুলে ধরতে চান। যদিও শাসক দলের পক্ষ থেকে এখনও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
