
সংসদে হই হট্টগোল বাঁধানোর জন্য রাহুল গান্ধী সহ বিরোধীদেরই কাঠগড়ায় তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। বিশেষ করে রাহুল গাঁধীকে আক্রমণ করে জানান, প্রত্যেক অধিবেশনের আগে তিনি ব্যক্তিগত ভাবে বিরোধীদের সঙ্গে যোগাযোগ করেন, ঐক্যমত্য স্থাপনের চেষ্টা করেন।
সংসদের দুই কক্ষের দলনেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন নিয়ম মেনেই। বাধাবিঘ্ন ছাড়া যাতে সংসদ চলে, সেই চেষ্টা চালান। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গেও তাঁদের বাসভবনে গিয়ে দেখা করেছেন বলে জানিয়েছেন কিরেণ রিজিজু।
তাঁর দাবি, বিরোধীদের সঙ্গে সৌহার্দ্য বজায় রাখা, সংসদে আলাপ-আলোচনা এগিয়ে নিয়ে যেতে সরকারের তরফে কোনও খামতিই নেই। বাজেট অধিবেশন নিয়ে ইতিমধ্যেই সকলকে চিঠি দিয়েছেন তিনি। শলা-পরামর্শ চেয়েছেন। আগামী ২৮ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি প্রথম দফায় সংসদে বাজেট পেশ করবে কেন্দ্র।
