
রাহুল গান্ধীর জন্মদিনের শুভেচ্ছায় একেবারে স্পষ্ট হয়ে উঠল রাজনীতিতে কে বন্ধু, কে শত্রু-সমীকরণ পরিবর্তন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনী প্রচারে এসে যে তৃণমূলকে তুলোধোনা করেছিলেন রাহুল গান্ধী, সেই তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতাকে।
এই শুভেচ্ছাবার্তাতেই ফুটে উঠেছে ইন্ডিয়া জোটের বর্তমান অবস্থাটা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, রাহুল গান্ধীর সুস্বাস্থ্য কামনা করি। সকল কাজে তিনি সফল হোন, উজ্জ্বল থাকুন। এদিকে কয়েকমাস আগেও তামিলনাড়ু বিধানসভা ভোটে যে ডিএমকের সঙ্গে কংগ্রেসের জোট ছিল, সেই দলের তরফ থেকে এসেছে দায়সারা শুভেচ্ছা। গতবছর পর্যন্তও ভাই বলে সম্বোধন করেছিলেন। কিন্তু এবার রাহুল গান্ধীকে খানিকটা দায়সারা ভাবে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এমকে স্ট্যালিন।
ডিএমকে’র সঙ্গে কংগ্রেসের সুসম্পর্কে বেশ কয়েকদিন আগেই দাঁড়ি পড়ে গিয়েছে। রাহুলকে ঘুরিয়ে ‘পাপ্পু’ বলেও কটাক্ষ করতে ছাড়েনি স্ট্যালিনের দল। ইন্ডিয়া জোটের দুই শরিকের সম্পর্ক কতখানি তলানিতে নেমেছে, তার ছবি ধরা পড়েছে স্ট্যালিনের শুভেচ্ছায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। ওদিকে জন্মদিন উপলক্ষে লোকসভার বিরোধী দলনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশজুড়ে অন্যান্যরাও রাহুলকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের নজরে পড়েছে স্ট্যালিনের শীতলতা।
