
সুপারস্টার অজয় দেবগন অভিনীত রেইড টু বক্স অফিসে দুর্দান্ত সাড়া ফেলেছে। রাজ কুমার গুপ্তা পরিচালিত ক্রাইম থ্রিলার ছবিতে দুর্নীতির বিরুদ্ধে আয়কর বিভাগের অভিযানকে কেন্দ্র করে তৈরি হয়েছে মূল কাহিনি।
রেইড,২০১৮-এর সিক্যুয়েল এই ছবিটি ইতিমধ্যে সমালোচকদের প্রশংসা এবং দর্শকের ভালোবাসা কুড়িয়েছে।ছবিটি মুক্তির ২২ দিনেই বক্স অফিসে আয় দাঁড়িয়েছে ১৫৬.৮৫ কোটি টাকা। খবর,তৃতীয় বৃহস্পতিবার অর্থাৎ মুক্তির ২২তম দিনে ছবিটির আয় ছিল ১.৭৫ কোটি টাকা। যদিও শুরুতে ১৬০ কোটি টাকার লক্ষ্যে ছুটেছিল রেইড টু, তবে বর্তমানে আয়ের হার কিছুটা কমেছে।প্রথম চার দিনেই রেইড টু আয় করে ৭০ কোটি টাকার বেশি, যেখানে রবিবার একদিনেই ছবির সর্বোচ্চ আয় ছিল ২২ কোটি টাকারও বেশি। প্রথম সপ্তাহ শেষে মোট আয় দাঁড়ায় ৯৫.৭৫ কোটি টাকা।তৃতীয় সপ্তাহে প্রবেশের পর থেকে ছবির আয় প্রতিদিন কমতে থাকে। ১৬ থেকে ২২ মে পর্যন্ত দৈনিক আয় গড়ে দাঁড়ায় ১.৭৫ কোটি টাকা।এই মুহূর্তে রেইড টু, অজয়ের আগের দুটি সুপারহিট ছবি,সিংহাম রিটার্নস এবং শয়তান-এর বক্স অফিস রেকর্ড পেছনে ফেলেছে।
এখন দৃষ্টি ১৬০ কোটি টাকা স্পর্শ করার দিকে। তবে প্রবণতা বলছে, পরবর্তী কয়েকদিনের পারফরম্যান্সই নির্ধারণ করবে সিনেমাটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে।
