
কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে ইডির হানার বিষয়ে কিছুই জানত না সে রাজ্যের পুলিশ, এমনটাই জানিয়েছেন কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ সরকারের পুলিশমন্ত্রী রমেশ চেন্নিতলা। এমনকি তল্লাশি শুরুর পরেও কিছু জানানো হয়নি বলে দাবি মন্ত্রীর।
এর আগে বুধবার তিরুঅনন্তপুরমে বিজয়নের বাড়িতে হানা দিতে গিয়ে আক্রান্ত হয় ইডি তদন্তকারী দল। কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের গাড়ি ভাঙচুর করা এবং পাথর ছোড়ার অভিযোগ ওঠে সিপিএম কর্মীদের বিরুদ্ধে। ওই ঘটনায় কেরল পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। গোলমাল ঠেকাতে পুলিশ কেন পদক্ষেপ করেনি, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এই সমালোচনার মাঝে এ বার মুখ খুলেছেন কেরলের পুলিশমন্ত্রী। ওই গোলমাল প্রসঙ্গে কেরলের পুলিশমন্ত্রী চেন্নিতলা বলেছেন, ইডির অভিযান নিয়ে পুলিশের কাছে কোনও তথ্য ছিল না। অভিযানের পরেও কেউ জানায়নি। তারা কেন্দ্রীয় বাহিনীর উপরেই নির্ভর করে ছিল। যখন জানতে পারা যায় যে সেখানে লোকজন জড়ো হচ্ছে, তখন পুলিশ ঘটনাস্থলে যায়। কোনও সমস্যাই হয়নি সেখানে। শহরের আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যেই তিরুঅনন্তপুরমে ওই চক্রান্ত করা হয়েছিল।
রাজ্যে আইনশৃঙ্খলার পরিস্থিতি বিঘ্নিত করার কোনও চেষ্টা বরদাস্ত করা হবে না। উল্লেখ্য, বুধবার একই মামলায় তিরুঅনন্তপুরমের পাশাপাশি কান্নুর, এর্নাকুলম এবং বেঙ্গালুরুর একাধিক জায়গাতেও তল্লাশি অভিযান চলে। তিরুঅনন্তপুরমের বেকারি জংশন এলাকায় যে ভাড়াবাড়িতে বিজয়ন থাকেন, সেখানে তল্লাশির সময়ে ইডির উপর হামলার অভিযোগ ওঠে। ইডির হানা চলাকালীন বিক্ষোভকারীদের একাংশ নিরাপত্তারক্ষীদের দিকে প্লাস্টিকের বোতল, হেলমেট ও পাথর ছুড়েছেন বলেও অভিযোগ।







