
মাওবাদীদের ডাকা বনধে আইইডি বিস্ফোরণে ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনের রাংরা-করমপাড়া রুটের রেললাইনের একাংশ উড়ে গিয়েছে। রবিবার এই হামলার সময় ওই রুটে কোনও ট্রেন না থাকায় বিরাট দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ভেঙে গিয়েছে লাইনের স্লিপার। বিস্ফোরণের পর লাইনের ওপর থেকে মিলেছে মাওবাদীদের পতাকা ও ব্যানার। গোটা অঞ্চল ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে ওড়িশা ও ঝাড়খণ্ড জাগুয়ার্স টিম।
এছাড়াও ওই রুটে কোথাও বিস্ফোরর রাখা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে মোতায়েন করা হয়েছে বম্ব ডিটেকশন টিম। কয়েকমাস আগে নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হয় মাওবাদীদের শীর্ষ নেতা বাসবরাজ ওরফে নাম্বালা কেশবরাওয়ের। সেই মৃত্যুর প্রতিবাদে ২৮ জুলাই থেকে রবিবার পর্যন্ত শহিদ সপ্তাহ পালন করছে মাওবাদীরা।
