
এবার ভারতে ছুটবে হাইড্রোজেন চালিত ট্রেন। দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালানোর অনুমোদন দিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। আগেই জানা গিয়েছিল, খুব শীঘ্রই দেশে হাইড্রোজেন চালিত ট্রেনের পরিষেবা চালু করবে ভারতীয় রেল কর্তৃপক্ষ।
অবশেষে পরিবেশবান্ধব রেল পরিষেবায় বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। জানা যাচ্ছে, হরিয়ানার ঝিন্দ-সোনিপত রুটে ঘণ্টায় ১২০ কিমি বেগে ট্রেনটি ছুটবে। ইতিমধ্যে ট্রায়াল রানও সম্পূর্ণ হয়েছে। ব্রডগেজ নেটওয়ার্কে এটিকে বিশ্বের সবথেকে দীর্ঘ এবং শক্তিশালী হাইড্রোজেন চালিত ট্রেন বলে দাবি করা হচ্ছে। ইতিমধ্যেই হাইড্রোজেন চালিত রেল প্রযুক্তি নিয়ে কাজ করেছে জার্মানি, জাপান, চিন ও আমেরিকার মতো দেশগুলি। এবার সেই তালিকায় নাম লেখাল ভারতও।
ট্রেনটি ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের আওতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। ট্রেনটি চলার সময় নিজেই নিজের জন্য বিদ্যুৎ তৈরি করে। নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ট্রেনের সামনে ২৭টি এবং পিছনে ২৭টি হাইড্রোজেন সিলিন্ডার বসানো হয়েছে। এই ট্রেনের জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে হাইড্রোজেন সংরক্ষণ ও রিফুয়েলিং কেন্দ্র। প্রসঙ্গত, হাইড্রোজেন ট্রেন কিন্তু বৈদ্যুতিক ট্রেনের বিকল্প নয়। বরং দুর্গম এলাকায় যেখানে ওভারহেড বৈদ্যুতিক লাইন বসানো কঠিন সেখানে ভবিষ্যতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে।
