কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

0
11
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

বুধবার সকাল থেকেই ঝিরিঝিরি আবার কখনও ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ভিজেছে কলকাতা। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত চলেছে শহরতলি ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সেই সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। 

অফিস টাইমে এমন দুর্যোগে চাপে পড়েছেন নিত্যযাত্রীরা।  তবে উত্তরবঙ্গে আপাতত দুর্যোগ কমবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সব জেলাতেই জারি হলুদ সতর্কতা। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা কম। শনিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পরিমাণ কমতে পারে। দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গে দুর্যোগ কমবে, জানাল হাওয়া অফিস। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে ঝড়বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

তবে দুই দিনাজপুর এবং মালদহে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারও একই আবহাওয়া থাকবে উত্তরের সব জেলাতেই। শুক্রবার থেকে আপাতত উত্তরের কোনও জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই।