
সকাল থেকেই মেঘলা আকাশ। বিকেল হতেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে কলকাতার বিভিন্ন অংশে। ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝা এই দুইয়ের জেরে দুই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোম এবং মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রপাতের পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। বুধবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার ওপরে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে উত্তরবঙ্গের ওপরে দুটো পশ্চিমী ঝঞ্ঝার কারণে দুই বঙ্গে ঝড়বৃষ্টি চলবে। রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে।
সোম এবং মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবারের পর দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে।
