
হাঁসফাঁস করা গরম থেকে সাময়িক নিস্তার মিলতে পারে দক্ষিণের জেলাগুলিতে। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতি এবং শুক্রবার কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইবে ঝোড়ো হাওয়াও। হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় হাওয়ার বেগ থাকতে পারে ৬০-৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবারও দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই দিন দুই মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। ঝড়বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম কিছুটা কমতে পারে শুক্রবার থেকে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রায় বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। তার পর আগামী তিন দিনে ধীরে ধীরে ২-৪ ডিগ্রি কমবে গরম।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত দিনের সর্বোচ্চ তাপমাত্রায় বিশেষ বদল হবে না। অন্যদিকে, উত্তরের জেলাগুলিতেও বৃহস্পতি এবং শুক্রবার ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।





