
শনি ও রবিবার রাজ্যের ৬ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে কালীপুজো ও ভাইফোঁটায় ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে রাজ্যে।
এই দিনগুলি বৃষ্টির সম্ভাবনা নেই। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার উপকূলের জেলায় মেঘলা আকাশ থাকবে। শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা থাকবে। একইভাবে রবিবারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। সোমবার কালীপজো, মঙ্গলবার দীপাবলি এবং ভাইফোটাতে রোদ ঝলমলে আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য উপরে রয়েছে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৬ ডিগ্রি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৬ ডিগ্রি।
শনিবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা থাকবে দার্জিলিং, কালিম্পং, এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে।
