
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছু হলেও কমেছে। যদিও এখনও অন্তত ছয় জেলায় দুর্যোগের সতর্কতা জারি রেখেছে আলিপুর আবহাওয়া দফতর।
তবে কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা আপাতত আর নেই। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবারও এই সতর্কতা জারি করা হয়েছে শুধু দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জন্য। কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। উত্তরবঙ্গে অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে সোমবার ভারী বৃষ্টি হতে পারে। কোচবিহার এবং দার্জিলিঙের জন্যেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০ দশমিক ৬ ডিগ্রি কম। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে সাড়ে চার ডিগ্রি কম।
