
টানা বৃষ্টি ও ধসে বিপর্যস্ত সিকিম। বৃষ্টির জেরে ধসে গিয়েছে রাজ্যের একাধিক সেতু। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসাবে বিবেচিত রং-রং ব্রিজ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।দুর্যোগের মধ্যে জোর কদমে চলছে মেরামতের কাজ। সেতু ধসের জেরে মঙ্গন জেলা সদর রাজ্যের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ।
জেলা প্রশাসন বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে। যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা মেরামতের কাজ শেষ হবে বলে আশাবাদী প্রশাসন। অন্যদিকে, সোরেং জেলার দারামদিন এলাকাতেও নেমেছে ধস। আর তাতে ঘরবাড়ি থেকে শুরু করে গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি লাগাতার বৃষ্টির জেরে জলাধারগুলির জলস্তর বৃদ্ধি পেয়েছে। তাই তিস্তা লো ড্যাম ৩ ও ৪ খুলে দিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই তিস্তা নদীর তীরবর্তী বাসিন্দাদের জল ছাড়ার বিষয়ে সতর্ক করেছে প্রশাসন। নদীর তীর এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সিকিমে ভূমিধসের জেরে ১০ নম্বর জাতীয় সড়কে দেখা দিয়েছে যানজট। এই পরিস্থিতির মধ্যে আবহাওয়া দফতর আগামী দু’দিন সিকিমে লাল সতর্কতা জারি করেছে। আর তাতেই চিন্তায় পড়েছেন স্থানীয়রা।





