
বৃহস্পতিবার রাতে ঘূর্ণিঝড় দানা-র ল্যান্ডফলের আগেই ওড়িশায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যে সক্রিয় হয়েছে রাজ্যের প্রশাসন।
ওড়িশার উপকূলবর্তী ১৪টি জেলার ৩০০০ গ্রাম থেকে লাখ লাখ মানুষকে সরানোর কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার বন্ধ রাখা হয়েছে ভুবনেশ্বরের নন্দনকানন চিড়িয়াখানা। রবিবার ওড়িশার সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই পরীক্ষাও পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। মৌসম ভবনের আবহবিদ উমাশঙ্কর দাস জানিয়েছেন, পারাদ্বীপে বসানো র্যাডারের তথ্য বলছে, ঘূর্ণিঝড় দানা-র আউটার ব্যান্ড ভদ্রক এবং কেন্দ্রপাড়া জেলার ভূমি স্পর্শ করেছে। কোনও স্থান থেকে ঘূর্ণিঝড় যখন ৫০০ কিলোমিটার দূরে থাকে, তখন তার আউটার ব্যান্ড ওই স্থানকে স্পর্শ করে ফেলে। সে কারণেই ভারী বৃষ্টি হচ্ছে ভদ্রক এবং কেন্দ্রাপড়ায়। রাজ্যের মৎস্য এবং প্রাণীসম্পদ উন্নয়নমন্ত্রী গোকুলানন্দ মল্লিক রাস্তার কুকুর, বিড়াল, গরুদের আশ্রয় দেওয়ার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছেন।
রাস্তার পশুপাখি ঝড়ের কারণে আহত হলে হেল্পলাইন নম্বরে ফোন করে জানাতে বলেছেন তিনি। সেক্ষেত্রে ১৯৬২-তে ফোন করতে হবে।
ছবি সৌজন্যে : এক্স
