
আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ কমবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি আরও বাড়বে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবার উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। এর জেরে পশ্চিমবঙ্গে কিছু ভাগে বর্ষণের সম্ভাবনা রয়েছে। রবিবার বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছু এলাকায়। একইসঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার ও মঙ্গলবার বৃষ্টি আরও কমে যাবে, তবে আর্দ্রতা ও গরম বাড়বে। বুধবার দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু এলাকায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। শুক্রবার থেকে বৃষ্টি আরও কমে যাবে। উত্তরবঙ্গ রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টি, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বুধবার ও বৃহস্পতিবারও কিছু জেলায় ভারী বৃষ্টি চলবে, তবে শুক্রবার থেকে বৃষ্টির তীব্রতা কমবে।
