
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবারও বিকেলের দিকে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতা-সহ রাজ্যের ১৫টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। বাকি হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। প্রত্যেক জেলাতেই শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। তবে শুক্রবারের পর থেকে বৃষ্টি এবং ঝড়ের বেগ কিছুটা কমতে পারে।
দুর্যোগের কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রে পরিস্থিতি শনিবার থেকে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কমলা সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার, মালদহ এবং দক্ষিণ দিনাজপুরের জন্য।
