
বুধবার রাতভর বৃষ্টির পর বৃহস্পতিবার সকালে তীব্র দাবদাহ থেকে সামান্য স্বস্তি মিলেছে শহরবাসীর। হাঁসফাঁস গরমের অস্বস্তিও কিছুটা কমেছে।
সেই আবহেই আলিপুর জানিয়েছে, বৃহস্পতিবারও বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের একাধিক জেলা। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইবে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। ওই জেলাগুলিতে ঝড়ের বেগ ঘণ্টায় ৬০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে। ওই ছয় জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর। বৃহস্পতিবারও সকাল থেকেই আংশিক মেঘলা কলকাতার আকাশ। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত বঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি চলবে।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৪ ডিগ্রি! আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের বেশির ভাগ জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে।তবে বিক্ষিপ্ত ভাবে গোটা রাজ্যেই আগামী রবি-সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলতে পারে।








