
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে মঙ্গলবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি হলেও বুধবার থেকে আবহাওয়ার উন্নতির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং-সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দিঘা ও হলদিয়ার মাঝামাঝি এলাকা দিয়ে মঙ্গলবার সকালেই গভীর নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করেছে। এই নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই কারণে মঙ্গলবারেও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
অন্যান্য জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আপাতত ঝড়বৃষ্টির কোনও সতর্কতা নেই।
