
সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। থেকে থেকে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। কখনও রোদ উঠলেও তা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে।
মঙ্গলবার থেকে বৃষ্টি আবার বাড়তে পারে। সেই সঙ্গে প্রবল দুর্যোগের লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে শহরে আগামী সোমবার পর্যন্ত আবহাওয়ার কোনও সতর্কতা নেই। মঙ্গলবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে কলকাতায়। আগামী শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে প্রবল বর্ষণের লাল সতর্কতা রয়েছে।
