
সিকিমে ভারী বৃষ্টি ও ভূমিধসের দুর্যোগ অব্যাহত। ধসে নতুন করে একাধিক রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে।
পাহাড়ি রাস্তায় হাজার হাজার পর্যটক আটকে পড়েছে। রাস্তার দু’পাশে যানবাহনের সারি। সিকিম প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করে কোন রাস্তা খোলা আছে জানতে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এদিকে পাহাড়ে একটানা বৃষ্টির জেরে সমতলে বাড়ছে তিস্তা-সহ বিভিন্ন নদীর জলস্তর।জানা গিয়েছে, সিরিসে ডারায় ইয়াংগাং থেকে সিংটাং রাস্তা অবরুদ্ধ হয়েছে। ধস না সরানো পর্যন্ত সিংটাংয়ের দিকে যাওয়া পর্যটকদের গাগয়ং হয়ে বেরিয়ে আসতে বলা হয়েছে। ডিকচু সিংটাং সড়কের অবস্থাও ভালো নেই।সিকিম সরকারের তরফে পর্যটকদের জন্য সিকিম প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের জন্য পথ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, উত্তর সিকিমের মঙ্গন থেকে রাকডং হয়ে গ্যাংটক পর্যন্ত তিনটি রাস্তায় শুধুমাত্র হালকা যানবাহন চলাচল করতে পারবে। মানগাঁও থেকে গ্যাংটক পর্যন্ত ফোডং রোড স্বাভাবিক আছে। মঙ্গন থেকে চুংথাং হয়ে টুং যাওয়ার নাগা রুট ধসে অবরুদ্ধ হয়েছে। মঙ্গন থেকে সাংকলং হয়ে চুংথাং পর্যন্ত সিপগিয়ার সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
