
রাজভবন এখন থেকে লোকভবন। ঘোষণা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত এবং রাষ্ট্রপতির সিলমোহরের পর স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নির্দেশিকায় শনিবার থেকেই দেশজুড়ে রাজভবনের নাম পাল্টে লোকভবন করা হয়েছে।
ফলে ব্রিটিশ আমলের ছাপ সরিয়ে রাজভবনের নাম হয়েছে লোকভবন। রাজ্যপাল জানিয়েছেন রাজভবনের নতুন পরিচয় লোকভবন। জন রাজভবন উদ্যোগের লক্ষ্যই ছিল প্রাসাদের কাব্যিক দূরত্ব খুঁচিয়ে সাধারণ মানুষের কাছে রাজভবনকে উন্মুক্ত করা। তাঁদের সমস্যা শোনা এবং সহায়তা করা। তিন বছরে প্রাকৃতিক বিপর্যয় হোক বা সামাজিক উদ্বেগ, জন রাজভবন সরাসরি মানুষের পাশে থেকেছে। লোকভবন হিসেবে কাজের ক্ষেত্র আরও বাড়বে। জনগণের আশা আকাঙ্খা মেটানোর জন্য। রাজভবনের ভাবমূর্তি বদলানো প্রয়োজন ছিল।
পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে ৩ বছর পূর্তিতে সিভি আনন্দ বোস জনসংযোগ করছেন। গ্রামের মানুষের পাশাপাশি সীমান্ত এলাকাও পরিদর্শন করেছেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের অভাব অভিযোগ শুনেছেন। কার্যত রাজভবন যে লোকভবন তিনি জনগণেরই একজন সেই বার্তাই দিয়েছেন।
