
উত্তর দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। সোমবার ভোরবেলা বেলঘরিয়া এক্সপ্রেওয়ের ধার থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। একাধিক গুলি ঝাঁঝরা করে দিয়েছে তাঁর শরীর।
এর আগে বেশ কিছু অপরাধের ঘটনার সঙ্গে রাজার নাম জড়িয়েছিল। পুলিশের খাতায় কুখ্যাত দুষ্কৃতী বলেই তিনি পরিচিত। রাজার মৃত্যু কী ভাবে হল, এখনও স্পষ্ট নয়। তার জন্য এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে পাঁচ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ সূত্রে খবর, সোমবার ভোরে উত্তর দমদম পুরসভা এলাকার খলিসাকোটায় একটি গ্যারাজের ধারে রাজার দেহ পড়ে থাকতে দেখা যায়। তিনি বিরাটির বাসিন্দা ছিলেন। তাঁর আরও দুই সঙ্গী আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
রাজাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। রাজার খুনের নেপথ্যে গোষ্ঠী সংঘর্ষ রয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।
