
অভিনেতা রাজেশ শর্মার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ এখনো কাটেনি।হায়দরাবাদে সিনেমার শুটিং সেটে একটি পোকার কামড়ে অসুস্থ হয়ে পড়ার পর বর্তমানে তিনি কলকাতার ঢাকুরিয়ার মণিপাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রবীণ অভিনেতার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও চিকিৎসকরা তাকে এখনই পুরোপুরি আশঙ্কামুক্ত বলে ঘোষণা করেননি। তাকে এখনো চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।জানা গেছে, রামোজি ফিল্ম সিটিতে দক্ষিণ ভারতীয় তারকা প্রভাস অভিনীত ফৌজি সিনেমার শুটিং চলাকালীন একটি পোকা কামড়ায় রাজেশ শর্মাকে।শুরুতে তিনি বিষয়টিকে তেমন গুরুত্ব না দিলেও কলকাতা ফেরার পথে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। এরপরই তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন,অভিনেতার শরীরে উচ্চমাত্রার রক্ত শর্করা বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকার কারণে পোকার কামড়ের সংক্রমণটি আরও জটিল রূপ নেয়। এই ইনফেকশন ও ডায়াবেটিসের যৌথ প্রতিক্রিয়ায় তার তীব্র শ্বাসকষ্ট শুরু হয়েছিল।তবে স্বস্তির খবর হলো, হাসপাতালের চিকিৎসকদের তাৎক্ষণিক ও নিবিড় চিকিৎসায় বর্তমানে তার শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে এসেছে এবং রক্তে শর্করার মাত্রাও স্থিতিশীল করা সম্ভব হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ঝুঁকি এড়াতে তাকে এখনো কড়া নজরে রাখা হয়েছে এবং খুব শিগগিরই তার শেষ শারীরিক অবস্থা জানিয়ে একটি চূড়ান্ত মেডিকেল বুলেটিন প্রকাশ করা হবে। কেবল তখনই জানা যাবে তিনি সম্পূর্ণ বিপদমুক্ত কি না।উল্লেখ্য,হিন্দি ও বাংলা চলচ্চিত্রজগতের অন্যতম জনপ্রিয় ও শক্তিশালী চরিত্রাভিনেতা হলেন রাজেশ শর্মা।
খোশলা কা ঘোসলা,ইশকিয়া, নো ওয়ান কিলড জেসিকা, দ্য ডার্টি পিকচার, বজরঙ্গি ভাইজান, এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি, ভূত বাংলা’র মতো অসংখ্য সফল চলচ্চিত্রে তার সাবলীল ও বৈচিত্র্যময় অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে। তার এই আচমকা অসুস্থতার খবরে টলিউডের সতীর্থদের পাশাপাশি ফ্যানরা দ্রুত আরোগ্য কামনা করছেন।
