
গুজরাটের রাজকোটে গেমিং জোন অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২। মৃতদের মধ্যে রয়েছে ৯ জন শিশুও।
এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে টিআরপি গেম জ়োনের মালিক যুবরাজ সিংহ সোলাঙ্কি, ম্যানেজার নিতিন জৈন-সহ তিন জনকে। শীর্ষ আইপিএস আধিকারিক সুবাষ ত্রিবেদীর নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। আগ্নিকাণ্ডের ঘটনায় আহত ৩ জনের অবস্থা স্থিতিশীল। রবিবার ভোরেই ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। সেখান থেকে তিনি আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালেও গিয়েছেন। ঘটনাস্থলে গিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভিও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য রাজকোট এইমসে ৩০টি আইসিইউ শয্যা প্রস্তুত রাখা হয়েছে। এইমস কর্তৃপক্ষকে সব রকম সহযোগিতার জন্য নির্দেশও দেওয়া হয়েছে। দেহগুলি এমন ভাবে ঝলসে গিয়েছে তাঁদের বেশির ভাগই শনাক্ত করা যাচ্ছে না বলে পুলিশ সূত্রে খবর।ডিএনএর নমুনা সংগ্রহ করা হচ্ছে দেহগুলি শনাক্তকরণের জন্য। জানা গিয়েছে, উইকএন্ডে ভিড় টানতে গেমিং জোনে প্রবেশমূল্য রাখা হয়েছিল ৯৯ টাকা। এই অফারের টানেই বিপুল সংখ্যক মানুষ ভিড় করেছিলেন। বহু শিশুও ছিল অগ্নিকাণ্ডের সময়। তবে সবথেকে বড় গাফিলতি ছিল বেরোনোর সংকীর্ণ পথ। আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। কিন্তু, আগুন নিয়ন্ত্রণে আসার বদলে সময় বাড়ার সঙ্গে সঙ্গে আগুন আরও ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব শোক প্রকাশ করেছেন।








