
ভারতের অন্তরে কারও প্রতি শত্রুতা নেই। দশেরাতে দার্জিলিং-এর সুকনা ক্যান্টনমেন্টে শস্ত্র পুজোর পর বার্তা দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
শনিবার দার্জিলিংয়ে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে দশেরা পালন করেছেন প্রতিরক্ষামন্ত্রী। শস্ত্রপূজায় অংশ নেওয়ার পরে অফিসার ও জওয়ানদের সঙ্গে কথাবার্তা বলেছেন তিনি। সেখানে দাঁড়িয়ে রাজনাথ সিং বলেছেন, উৎসব মন্দের উপর ভালর জয়ের প্রতীক। ভগবান রাম যখন রাবণ, অশুভের উপর জয়লাভ করেছিলেন তখন এটি ছিল মানবতার জয়। ভারতের অন্তরে কারও প্রতি কোনও শত্রুতা নেই। তাই ভারত কখনও কোনও দেশকে আক্রমণ করেনি। ভারত তখনই যুদ্ধ করেছে, যখন কোনও দেশ ভারতের অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে অসম্মান করেছে। যখন কোনও দেশ ধর্ম, সত্য এবং মানবিক মূল্যবোধের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। শস্ত্রের উপাসনা একটি প্রতীক যা প্রয়োজনের সময় পূর্ণ শক্তি হিসেবে ব্যবহার করা যেতে পারে। রাজনাথ সিং আরও বলেছেন, সীমান্তে সশস্ত্র বাহিনীর সজাগ উপস্থিতির কারণে কোনও অঘটন ঘটার সম্ভাবনা নেই।
প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পরে, তিনি সর্বদা এই বিষয়টির উপর জোর দিয়েছি যে বৈশ্বিক পরিস্থিতি যাই হোক না কেন প্রস্তুতির কোনও অভাব থাকা উচিত নয়। জাতীয় নিরাপত্তায় দৃঢ় থাকা প্রয়োজন।
