
অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় রিয়েল টাইম প্রস্তুতির ওপর জোর দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, প্রতিরক্ষা বাহিনীকে বহুমাত্রিক নিরাপত্তা হুমকির মোকাবিলায় সবসময় প্রস্তুত থাকতে হবে।
বর্তমান সময়ের চ্যালেঞ্জগুলো স্থির নয়, বরং গতিশীল-এমনটাই মন্তব্য করেছেন মন্ত্রী। তিনি স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া ব্যবস্থার সংযুক্তির ওপর জোর দিয়ে উল্লেখ করেছেন যে ইলেকট্রনিক যুদ্ধ এখন বাস্তবতায় পরিণত হয়েছে। সামুদ্রিক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে বলেছেন, ভারতের উপকূলরেখা যেমন বিশাল, তেমনি এর বিপদও বড়।
তাঁর কথায়, প্রযুক্তির অগ্রগতি-বিশেষ করে ড্রোন ও নজরদারির মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা আরও শক্তিশালী হয়েছে। তবে মাদকের পাচার, চোরাচালান, অবৈধ বাণিজ্য, অস্ত্র পাচার এবং মানব পাচারের মতো জটিল ও বহুমুখী চ্যালেঞ্জ সামুদ্রিক হুমকিকে আরও জটিল করে তুলেছে।




