
অপারেশন সিঁদুর-এ ছয় বীর সেনার নিহত হওয়ার খবর নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-র বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলেছেন সর্বভারতীয় কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক কে সি বেণুগোপাল।
কংগ্রেস নেতা এ দিন এক্স হ্যান্ডলে রাজনাথকে উদ্দেশ করে লিখেছেন, কী ভাবে তিনি ২০২৫ সালের জুলাই মাসে দাবি করতে করলেন যে, কোনও ভারতীয় জওয়ান শহীদ হননি? অথচ তার ঠিক এক বছর পরে সশস্ত্র বাহিনী ঘোষণা করেছিলেন, ছ’জন জওয়ান-র মৃত্যু হয়েছিল।
এই ছ’শহীদের পরিবার এবং সমগ্র সশস্ত্র বাহিনীর জন্য এটি চরম অবমাননাকর। তাঁদের বীরত্ব ও সর্বোচ্চ আত্মত্যাগের কথা ভারতের জনগণকে জানানো হয়নি। তিনি আরও লিখেছেন, এটি প্রতিষ্ঠিত নিয়ম যে, কোনও মন্ত্রী যদি সংসদকে বিভ্রান্ত করেন বা তথ্য গোপন করেন, তবে তা বিশেষাধিকার লঙ্ঘন হিসেবে গণ্য হয় এবং তা সংসদ অবমাননার শামিল। লোকসভা স্পিকারের কাছে চিঠি লিখে প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিশেষাধিকার লঙ্ঘনের কার্যক্রম শুরুর অনুরোধ জানিয়েছেন কেসি বেণুগোপাল।
