
১৮ জুন ১০টি রাজ্যের ২৪টি রাজ্যসভা আসনে নির্বাচন হবে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটগ্রহণ ও গণনা একই দিনে হবে। ফল ঘোষণা করা হবে বিকেল ৫টার পরে। বিভিন্ন রাজ্যে বর্তমান সাংসদদের মেয়াদ ২১ জুন থেকে ১৯ জুলাইয়ের মধ্যে শেষ হচ্ছে।
সেই কারণেই এই নির্বাচন। সবচেয়ে বেশি ভোট হবে অন্ধ্রপ্রদেশ, গুজরাত ও কর্নাটকে। এই তিন রাজ্যে চারটি করে আসনে নির্বাচন হবে। এছাড়া রাজস্থান ৩টি আসন, মধ্যপ্রদেশ ৩টি আসন, ঝাড়খণ্ড ২টি আসন, মিজোরাম ১টি আসন, মনিপুর ১টি আসন, মেঘালয় ১টি, অরুণাচলপ্রদেশ – ১টি আসনে নির্বাচন হবে। এদিকে রাজনৈতিক সমীকরণ অনুযায়ী, ২৪টি আসনের মধ্যে এনডিএ জোটের দখলে যেতে পারে ১৬টি। এর মধ্যে বিজেপি একাই পেতে পারে ১২টি আসন। এছাড়া এনপিপি, জেডিএস, এমএনএফ এবং টিডিপি একটি করে আসন পেতে পারে বলে অনুমান।
অন্যদিকে, ইন্ডিয়া জোটের ঝুলিতে যেতে পারে ৫টি আসন। তার মধ্যে কংগ্রেস পেতে পারে ৪টি এবং জেএমএম একটি। ওয়াইএসআর কংগ্রেসের দখলে যেতে পারে ৩টি আসন। বিশ্লেষকদের মতে, অন্ধ্রপ্রদেশ ও গুজরাতে এনডিএ সবক’টি আসনই জিততে পারে। কর্নাটকে একটি, রাজস্থানে দু’টি এবং মধ্যপ্রদেশে দু’টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে গেরুয়া শিবিরের। অন্যদিকে, একই দিনে মহারাষ্ট্র এবং তামিলনাড়ুর দু’টি শূন্য রাজ্যসভা আসনে উপনির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।








