
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণের ছবি বিকৃত করার অভিযোগে পরিচালক রামগোপাল বর্মার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
টিডিপি মণ্ডলের সম্পাদক রামলিঙ্গমের তরফে প্রকাশম জেলায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। সেখানে রামগোপাল বর্মার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, তাঁর ছেলে নারা লোকেশ, পুত্রবধূ ব্রাহ্মণী এবং উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণের সুনাম নষ্ট করার অভিযোগ এনেছেন তিনি। প্রকাশমের পুলিশ সুপার এ আর দামোদর বলেছেন, পুলিশ রামগোপাল বর্মার বিরুদ্ধে মাড্ডিপাড়ু থানায় মুখ্যমন্ত্রী, তাঁর পরিবারের সদস্য এবং উপ-মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগে মামলা দায়ের করেছে। জানা গিয়েছে, তথ্যপ্রযুক্তি আইনের মামলা দায়ের করা হয়েছে। তবে এই প্রথম নয়, অতীতেও রামগোপাল বর্মা টিডিপি নেতাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। টিডিপি-র প্রতিষ্ঠাতা প্রয়াত নন্দমুরি তারক রামা রাওকে নিয়ে ছবি তৈরি করেন রামগোপাল বর্মা, যার প্রেক্ষাপট ছিল তাঁর রাজনৈতিক পতন নিয়ে।
রামগোপাল বর্মার সর্বশেষ ছবি, ব্যোহাম যা কিনা নির্মিত হয় ২০০৯ সালে কপ্টার দুর্ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে।
ছবি সৌজন্যে : এক্স









