
অযোধ্যার রামমন্দিরের গর্ভগৃহের ছাদ থেকে বৃষ্টির জল পড়ার পর এবার ধস নেমেছে রামপথে। এই ঘটনার জেরে রামমন্দিরে যাতায়াতের মূল পথ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে রাস্তা মেরামতির কাজ শুরু করেছে অযোধ্যা জেলা প্রশাসন। ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামমন্দির উদ্বোধন করেছিলেন। তার আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার যুদ্ধকালীন তৎপরতায় হনুমানগড়ী থেকে রামমন্দিরগামী সঙ্কীর্ণ পথটিকে দু’পাশের বাড়িঘর ভেঙে চওড়া করেছিল। নাম দেওয়া হয়েছিল রামপথ। পাঁচ মাসের মাথায় প্রথম বৃষ্টিতেই ধস নামায় সেই রাস্তার মান নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। প্রসঙ্গত, এর আগে সোমবার রামলালার গর্ভগৃহের ছাদ থেকে বৃষ্টির জল চুঁইয়ে পড়তে শুরু করেছে বলে জানান রামমন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধান পুরোহিত বলেছেন, প্রথম বৃষ্টিতেই রামলালার মূর্তি স্থাপন করা গর্ভগৃহের ছাদ ফুটো হতে শুরু করেছে। বিষয়টিতে মনোযোগ দেওয়া উচিত এবং কী ঘাটতি রয়েছে, তা খুঁজে বার করে মেরামত করা উচিত।
