
অরুণাচল নিয়ে চিনকে ফের কড়া বার্তা দিয়েছে ভারত। নয়া দিল্লির তরফে বলা হয়েছে, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।
এই প্রদেশকে কেন্দ্র করে চিনের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হোক তা কখনই কাম্য নয়। বেজিং প্রশাসন যেন এটা বিবেচনায় রেখে অগ্রসর হয়। ভারত অবশ্য শুধু চিনকেই সতর্ক করেনি, সে দেশে যাওয়া ভারতীয়দের পরামর্শ দিয়েছে যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে চলার।
বলা হয়েছে, চিনা কর্তৃপক্ষ নথিপত্র নিয়ে যাতে প্রশ্ন তোলার অবকাশ না পায় সেদিকে সবাইকে নজর রাখতে হবে। গত মাসে অরুণাচল প্রদেশের বাসিন্দা এক নারী লন্ডন থেকে চিনের সাংহাই বিমানবন্দরে নেমেছিলেন টোকিও যাওয়ার পথে। সাংহাইয়ের চেনা কর্তৃপক্ষ তাঁকে ভারতীয় বলে মানতে রাজি হয়নি। চিনা আধিকারিকেরা বলেন, অরুণাচল চিনের অংশ। ওই যাত্রীকে বলা হয় তাঁকে পাসপোর্ট নিয়ে সাংহাই ত্যাগ করতে হবে।








