
ফারহান আখতারের বহু প্রতীক্ষিত সিনেমা ডন থ্রি থেকে হঠাৎ সরে দাঁড়ানোর খেসারত দিতে হচ্ছে বলিউড তারকা রণবীর সিংকে। তার বিরুদ্ধে অসহযোগিতার নির্দেশ জারি করেছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ ,এফডব্লিউআইসিই।
সিনেমাটির নির্মাতা ফারহান আখতার ফেডারেশনের কাছে রণবীরের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর পাঁচ মাসেরও বেশি সময় পর এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এফডব্লিউআইসিই-এর প্রধান উপদেষ্টা এবং ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত পুরো ঘটনার বিবরণ তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, ১১ এপ্রিল ফারহান আখতার ফেডারেশনের কাছে রণবীর সিংয়ের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, সিনেমার শুটিংয়ের জন্য পুরো ইউনিটের রওনা হওয়ার মাত্র তিন সপ্তাহ আগে কোনো যৌক্তিক কারণ ছাড়াই প্রকল্প থেকে নিজেকে গুটিয়ে নেন রণবীর। এর ফলে পুরো প্রজেক্টটি চরম বিপর্যয়ের মুখে পড়ে এবং বিশাল আর্থিক ক্ষতির সম্ভাবনা তৈরি হয়।অভিযোগ পাওয়ার পর নিয়ম অনুযায়ী, ফেডারেশনের পক্ষ থেকে প্রযোজক ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানিকে শুনানির জন্য ডাকা হয়। রিতেশ সশরীরে উপস্থিত থাকলেও ফারহান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রায় দু’ ঘণ্টা ধরে তাদের বক্তব্য ও নথিপত্র পেশ করেন। অশোক পণ্ডিত জানিয়েছেন, স্বাভাবিক ন্যায়বিচারের খাতিরে তারা রণবীর সিংকেও তার বক্তব্য উপস্থাপনের জন্য প্রতি ১০ থেকে ১৫ দিন পর পর মোট তিনবার আনুষ্ঠানিক নোটিশ পাঠান। কিন্তু অভিনেতার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। অবশেষে ফেডারেশন সংবাদ সম্মেলনের ঘোষণা করার পর রণবীরের টিম একটি ইমেইল পাঠায়, যেখানে এই বিষয়ে মাথা ঘামানোর জন্য ফেডারেশনের এখতিয়ার নিয়েই প্রশ্ন তোলা হয়।স্বভাবতই অভিনেতার এমন অপেশাদার আচরণের পর ফেডারেশন অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এফডব্লিউআইসিই-এর সভাপতি বি. এন. তিওয়ারি জানিয়েছেন,বিষয়টি কেবল একজন অভিনেতা ও প্রযোজকের মধ্যকার বিরোধ নয়, বরং এর সঙ্গে হাজার হাজার চলচ্চিত্রকর্মীর জীবিকা জড়িত। একটি সিনেমার কাজ হুট করে বন্ধ হয়ে গেলে জুনিয়র আর্টিস্ট ও দৈনিক মজুরিতে কাজ করা টেকনিশিয়ানরা মারাত্মক আর্থিক সংকটে পড়েন।তিনি স্পষ্ট করে বলেছেন, কোনো তারকা বা সুপারস্টারই ইন্ডাস্ট্রির নিয়মকানুনের ঊর্ধ্বে নন। চলচ্চিত্র অঙ্গনে জবাবদিহিতা নিশ্চিত করতে এই শক্ত বার্তা দেওয়া জরুরি ছিল। তিওয়ারি ঘোষণা করেছেন, অবিলম্বে রণবীর সিংয়ের বিরুদ্ধে অসহযোগিতার নির্দেশ কার্যকর করা হচ্ছে এবং ফেডারেশনের কোনো সদস্য এখন থেকে তার সঙ্গে কাজ করবেন না।
এই বিরোধের আনুষ্ঠানিক সমাধান না হওয়া পর্যন্ত সব সহযোগী সংগঠন ও প্রযোজক সংস্থাকে এই সিদ্ধান্তকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছে ফেডারেশন।







