আলফা মেল হতে চেয়েছিলেন রণবীর

0
48
ছবি সৌজন্যে : এক্স

হিন্দি হোক বা দক্ষিণী, সিনেদুনিয়ার পর্দায় বর্তমানে আলফা মেল ট্রেন্ডের রমরমা। কবীর সিং’য়ের হাত ধরে শুরুটা করেছিলেন শাহিদ কাপুর। তারপর সেই ট্রেন্ডে গা ভাসিয়ে অ্যানিম্যাল রণবীর কাপুর থেকে ধুরন্ধর রণবীর সিংরা বক্স অফিসে বাজিমাত করেছেন।

পর্দায় উগ্র পৌরষের দাপট নিয়ে সমাজ যতই চোখরাঙাক না কেন, দর্শকমহল যে এসব গল্প গপগপিয়ে গিলছে, বক্স অফিসের অঙ্কই তার প্রমাণ। এবার টিনসেল টাউনে কানাঘুষো, সেই ট্রেন্ড অনুসরণ করেই নাকি রণবীর সিং,ডন থ্রি -এর চিত্রনাট্য় বদলের দাবি করেছিলেন! আর তাতেই নাকি রেগে গিয়ে বহুপ্রতীক্ষিত এই মেগাবাজেট সিনেমা থেকে ধুরন্ধর রণবীর সিং-কে ছাঁটাই করেন প্রযোজক-পরিচালক ফারহান আখতার। উল্লেখ্য ধুরন্ধর সাফল্যের পর ফারহান আখতারের মেগাবাজেট ,ডন থ্রি ছবি থেকে সরে দাঁড়িয়েছেন রণবীর সিং। যদিও অতিরিক্ত বায়নাক্কা’র জেরে অভিনেতাকে ছাঁটাই করা হয়েছে, নাকি চিত্রনাট্য নাপসন্দ হওয়ায় তিনি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন, সেই তত্ত্ব নিয়ে বিটাউনে এখনও জলঘোলা হচ্ছে। এমন আবহেই খবর, নির্মাতাদের সঙ্গে সৃজনশীল মতপার্থক্যের কারণেই রণবীর সিংয়ের ডন হয়ে ওঠা হল না।

শোনা যাচ্ছে, ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজির সাফল্যের পর রণবীর সিং নাকি চেয়েছিলেন, বর্তমান সময় এবং ট্রেন্ডের কথা মাথায় রেখে ডন থ্রি -এর চিত্রনাট্যে কড়া ভাষায় সংলাপ থাকুক। ঠিক যেমনটা বর্তমানে সিনেমা বা সিরিজে গালিগালাজের ব্যবহার প্রচলিত।রণবীরও নাকি সেরকমই চিত্রনাট্য চেয়ে বসেছিলেন। শুধু তাই নয়, ধুন্ধুমার রক্তারক্তির অ্যাকশন সিকোয়েন্সও চেয়েছিলেন,যেমনটা অ্যানিম্যাল কিংবা ধুরন্ধর-এ দেখানো হয়েছে। আর এসব বায়নাক্কার জেরেই নাকি তিতিবিরক্ত হয়ে যান প্রযোজক-পরিচালক ফারহান আখতার।