
প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। এক মহিলার অভিযোগ ২০১৯ সালে তাঁর শিশুকে তুলে নিয়ে গিয়েছিল কয়েকজন দুষ্কৃতী।
ওই দুষ্কৃতীদের একজন সওকত মোল্লার গাড়িচালকের দাদা। শিশুকে বাঁচাতে তৃণমূল নেতার দ্বারস্থ হয়েছিলেন এক মহিলা। ওই মহিলাকে অফিসে ডেকে মারধর এবং ধর্ষণের অভিযোগ ওঠে সওকত মোল্লা সহ ৩ অনুগামীদের বিরুদ্ধে। ভাঙড়ে বোমা বিস্ফোরণে মামলায় ইতিমধ্যে সওকত মোল্লাকে গ্রেফতার করেছে এনআইএ। এবার তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিতা মহিলা ১৫ জুন সওকত মোল্লার বিরুদ্ধে জীবনতলা থানায় অভিযোগ দায়ের করেছেন। এদিকে তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহরায়কে কর্নাটক থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, হুমকি, ত্রাণ চুরি সহ একাধিক অভিযোগ রয়েছে। ধনিয়াখালির কোটালপুর এলাকায় নিজের বাড়ির পাশেই একটি বিএড কলেজ তৈরি করেছিলেন রামেন্দু।
১১ জুন ওই কলেজে তল্লাশিতে বিপুল পরিমাণ ত্রাণ উদ্ধার হয়। গ্রেফতারির আশঙ্কায় এতদিন পালিয়ে বেড়াচ্ছিলেন।
