
উত্তরপ্রদেশের বদায়ুঁতে শিশুকে ধর্ষণ ও খুনের ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশি এনকাউন্টারের পর গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত। পরিবার সূত্রে খবর, বাড়ির কাছেই একটি বাজারে গিয়েছিল শিশুটি।
কিন্তু অনেক সময় পেরিয়ে যাওয়ার পরেও বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে শিশুটির বাবা-মা আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করেও কোনও হদিস না পেয়ে শেষমেশ পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেন। সেই অভিযোগ পেয়েই দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ। শিশুটির খোঁজ শুরু হয়। এলাকার বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সেখানেই ওই শিশুটিকে এক ব্যক্তির সঙ্গে দেখতে পাওয়া যায়। সেখান থেকেই ওই ব্যক্তিকে চিহ্নিত করে পুলিশ। শুরু হয় তল্লাশি অভিযান। সেই সময়েই বাড়ির কাছের একটি নির্মীয়মাণ বাড়ি থেকে রাত ১০টা নাগাদ শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ সুপার ব্রিজেশ কুমার পৌঁছে অভিযুক্তকে দ্রুত খুঁজে বার করার নির্দেশ দেন।
অভিযুক্তের খোঁজে রাতভর তল্লাশি চালানো হয়। দেহ উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যে শনিবার ভোর ৪টের সময় অভিযুক্তকে খুঁজে এনকাউন্টার করে পুলিশ।
