
গাইঘাটায় দশম শ্রেণির এক ছাত্রীকে হাতে বেঁধে জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, পরিবারের তরফ থেকে অভিযোগ পেয়ে শনিবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
নির্যাতিতা’র পরিবাবের অভিযোগ, অভিযুক্ত যুবক প্রায় দেড় বছর ধরে ওই পড়ুয়াকে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করতেন। বিষয়টি জানাজানি হওয়ায় কয়েক মাস আগে এলাকায় সালিশি বৈঠকও হয়েছিল। তখন অভিযুক্ত যুবক তাঁর ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। কিন্তু পরিবারের দাবি, শুক্রবার সন্ধ্যায় টিউশন নিতে যাওয়ার সময় ওই যুবক নাবালিকাকে মাঝপথ থেকে তার হাত বেঁধে ভয় দেখিয়ে তুলে নিয়ে যান একটি জঙ্গলে। সেখানে তাকে ধর্ষণ করে মুখ বন্ধ রাখার হুমকি দেন অভিযুক্ত যুবক।
শনিবার বিকেলে নির্যাতিতা তার বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা চেষ্টা করে বলে নির্যাতিতা’র পরিবারের দাবি। তাকে পরিবারের সদস্যেরা দেখে উদ্ধার করেন এবং ধর্ষণের বিষয়টি প্রকাশ্যে আসে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ছবি সৌজন্যে : নিজস্ব









