
সম্পত্তি নিয়ে শরিকি বিবাদ মেটানোর নামে পঞ্চায়েত অফিসে সালিশি সভায় তরুণীকে খুন ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হুগলির সিঙ্গুরে।
আতঙ্কিত তরুণী ভয়ে সিঙ্গুর থানায় না গিয়ে মেল করে অভিযোগ জানিয়েছেন। জানা গিয়েছে হুগলির সিঙ্গুরের নসিবপুরের বাসিন্দা ওই তরুণীর অভিযোগ সম্পত্তি সংক্রান্ত শরিকি বিবাদ মেটাতেই পঞ্চায়েতে ডাকা হয়। অভিযোগ বিবাদ মেটানোর নামে এক ব্যক্তি তরুণীকে খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হয় পঞ্চায়েত অফিসে। তরুণী জানিয়েছেন চারিদিকে গুন্ডারাজ চলছে। পঞ্চায়েতে গিয়ে যদি গুন্ডাদের হুমকি খেতে হয়, থানাতে গিয়েও দেখা যাবে গুন্ডারা বসে রয়েছে। তাই মেল করেছেন। তরুণীর দাবি তাঁর বাবার সম্পত্তি বিক্রি করেন তিনি। এরপরেই শরিকি বিবাদ মেটানোর নাম করে নসিবপুর পঞ্চায়েত থেকে তাঁকে ডেকে পাঠানো হয়।
বুধবার নসিবপুর পঞ্চায়েতে যান। অভিযোগ বিবাদ মেটানোর বদলে তরুণীকে খুন ও ধর্ষণের হুমকি দেন পঞ্চায়েত অফিসে থাকা এক ব্যক্তি। পঞ্চায়েত উপপ্রধানের সামনে সবটা ঘটলেও তিনি বিষয়টি অস্বীকার করেছেন।
