
ওড়িশার নয়াগড়ের জঙ্গলে দেখা মিলেছে বিরল কালো চিতাবাঘের। বন দফতরের পাতা ট্র্যাপ ক্যামেরায় কালো চিতার ছবি ধরা পড়েছে। কালো রঙের চিতাবাঘের হদিস মেলায় উচ্ছ্বসিত বন দফতর।
শাবককে সঙ্গে নিয়ে চিতাটিকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। প্রধান মুখ্য বনপাল প্রেম কুমার ঝা কালো চিতাবাঘটির ছবি সমাজমাধ্যমে দিয়েছেন। তিনি লিখেছেন, বিরল কালো চিতাবাঘের দেখা মিলেছে নয়াগড়ের জঙ্গলে। সেটির গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছে। অল ওড়িশা লেপার্ড এস্টিমেশন ২০২৪-এর তথ্য বলছে, রাজ্যের তিনটি জঙ্গলে এই ধরনের চিতাবাঘ আছে। এই প্রথম নয়, গত বছরে এ রকমই একটি কালো চিতাবাঘের দেখা মিলেছিল সুন্দরগড় জেলার হেমগিরি অরণ্যে। ২০১৮ সালে প্রথম ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছিল ওই চিতাবাঘের ছবি। এই চিতাবাঘ সহজে ধরা দেয় না। বন দফতর জানিয়েছে, কালো চিতাবাঘগুলির সুরক্ষার জন্য এবং তাদের পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ করা হয়েছে।
কালো চিতাবাঘের দেখা পাওয়া খুবই দুষ্কর। ২০২৩ সালে বাঘশুমারির সময় দু’টি ভিন্ন জায়গায় দু’টি কালো চিতাবাঘের হদিস পেয়েছিল রাজ্য সরকার।
