
শুক্রবার গভীর রাতে দিল্লি ও রাজধানী অঞ্চলের বাসিন্দারা আলোকজ্জ্বল রাতে সাক্ষী থেকেছেন। হঠাৎ করেই আকাশ চিরে এগিয়ে আসে এক উজ্জ্বল উল্কা, কয়েক সেকেন্ডের মধ্যেই শহরের আলোকে হার মানিয়ে দিয়েছে তার দীপ্তি।
পরে মাঝ আকাশেই সেটি ভেঙে একাধিক খণ্ডে ছড়িয়ে পড়ছে যা দেখে রীতিমতো বিস্মিত দিল্লি, গুরগাঁও, নয়ডা, গাজিয়াবাদ ও আলিগড়ের মানুষ। আকাশে আগুনের রেখা চোখের পলকে ঘটে যাওয়া ঘটনাটির একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে, অন্ধকার রাতের আকাশে জ্বলন্ত আগুনের রেখার মতো এগিয়ে চলেছে একটি আলোকবল, তারপরই বিস্ফোরণের মতো ভেঙে ছোট ছোট টুকরোয় ছড়িয়ে পড়ছে।
অনেকে একে তুলনা করেছেন শুটিং স্টার এক্সপ্লশন এর সঙ্গে। আমেরিকান মিটিওর সোসাইটি জানিয়েছিল, সেপ্টেম্বর মাস ছোট উল্কাবৃষ্টির জন্য আসল সময়। যদিও নির্দিষ্ট কোনও উল্কাবৃষ্টির বাইরে থেকেও মাঝে মাঝে একক ফায়ারবল দেখা যেতে পারে। দিল্লির রাতের আকাশে এমন ঝলমলে দৃশ্য ঠিক তেমনই এক বিরল মুহূর্ত।








