বিরল খনিজ চুক্তি সই ভারত ও ব্রাজিলের

0
67
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

ব্রাজিলের সঙ্গে খনিজ বাণিজ্য ও খননখাতে সহযোগিতা বাড়াতে একটি চুক্তি সই করেছে ভারত। বিশ্বজুড়ে কাঁচামাল প্রতিযোগিতার প্রেক্ষাপটে দেশের ক্রমবর্ধমান ইস্পাত চাহিদা পূরণ ও উৎপাদন সক্ষমতা সম্প্রসারণের লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে ভারত।

নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার উপস্থিতিতে চুক্তিটি সই হয়েছে।সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ব্রাজিল বিশ্বের শীর্ষ লৌহ আকরিক উৎপাদকদের অন্যতম এবং ইস্পাত তৈরিতে প্রয়োজনীয় বিভিন্ন খনিজের বড় মজুদ দেশটিতে রয়েছে। ঘনিষ্ঠ সহযোগিতা ভারতের ইস্পাত শিল্পে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ধরে রাখতে প্রয়োজনীয় কাঁচামাল ও প্রযুক্তি প্রাপ্তি সহজ করবে।চুক্তির আওতায় অনুসন্ধান, খনন এবং ইস্পাত খাতের পরিকাঠামো উন্নয়নে বিনিয়োগ আকর্ষণের ওপর গুরুত্ব দেওয়া হবে।বর্তমানে ভারতের ইস্পাত উৎপাদন সক্ষমতা ২১৮ মিলিয়ন মেট্রিক টন। পরিকাঠামো উন্নয়ন ও শিল্পায়নের ফলে দেশীয় চাহিদা বাড়ায় বিভিন্ন কোম্পানি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

ব্রাজিলীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দু’ দেশের আলোচনায় বাণিজ্য অংশীদারিত্ব জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। তার ভাষায়, আগামী পাঁচ বছরে দ্বিপক্ষীয় বাণিজ্য ২০ বিলিয়ন ডলারের অনেক ওপরে নেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ১৫ বিলিয়ন ডলার।