
কখনও পাশের বাড়ির মেয়ে শ্রীবল্লী, তো কখনও দাবাং পুলিশ অফিসারের ভূমিকায় নজর কেড়েছেন রশ্মিকা মন্দানা। এবার ছত্রপতি শিবাজির স্ত্রীর চরিত্রে প্রথম লুকেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছেন দক্ষিণী অভিনেত্রী। মুক্তি পেয়েছে ছাভা ছবিতে রশ্মিকার ফার্স্ট লুক।
সেখানে তাঁর মারাঠি রানি রূপে অবতীর্ণ অভিনেত্রী। ছাভা ছবিতে শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। তাঁরই স্ত্রী রানি যশুবাইয়ের ভূমিকায় রশ্মিকা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ভিকির ছত্রপতি লুক। ইতিহাসের পাতায় দর্শকদের পৌঁছে দিয়েছে তাঁর অবতার।এবার সামনে পর্দার যশুবাই। কিন্তু তার আগেই রশ্মিকার রূপে চড়েছে উত্তেজনার পারদ।পোস্টারে দেখা যাচ্ছে, মারাঠি ট্র্যাডিশনাল শাড়িতে রশ্মিকা। মাথায় ঘোমটা। কপালে বড় লাল টিপ। নাকে নথ। একটি ছবিতে হাসিমুখ এবং অপরটিতে গম্ভীর আগুনে দৃষ্টিতে তাকিয়ে যশুবাই।ম্যাডক ফিল্মসের ইনস্টাগ্রাম পেজ থেকে ছবির পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, প্রত্যেক মহান রাজার নেপথ্যে থাকেন একজন শক্তিশালী রানি। রশ্মিকা মন্দাকাকে দেখা যাবে সেই যশুবাই রূপে।
যিনি স্বরাজ্যের গর্ব। উল্লেখ্য,শিবাজি সাওয়ান্তের ছাভার কাহিনি অবলম্বনে তৈরি হওয়া ছবিটি মুক্তি পাবে প্রেমদিবস অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি। লক্ষ্মণ উটেকরের পরিচালনাতেই পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন ভিকি ও রশ্মিকা।এই প্রথম কোনও ঐতিহাসিক চরিত্রে অভিনয় করছেন ভিকি। উপরি পাওনা এআর রহমানের সঙ্গীত। সবমিলিয়ে বিগ বাজেটের এই ছবির জন্য মুখিয়ে সিনেপ্রেমীরা।
