
উদয়পুরে রাজকীয় বিয়ের পর দক্ষিণী তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা স্বামী-স্ত্রী হিসেবে প্রথমবার প্রকাশ্যে দেখা দিয়েছেন। হায়দরাবাদের উদ্দেশে রওনা দেওয়ার আগে উদয়পুর বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন নবদম্পতি।
এই মুহূর্ত ঘিরে ফ্যান ও পাপারাজ্জিদের মধ্যে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস।বিমানবন্দরে হাত ধরে হাঁটতে হাঁটতে ক্যামেরার সামনে আসেন বিজয়-রাশমিকা।পরে পাপারাজ্জিদের উদ্দেশে হাতজোড় করে শুভেচ্ছা জানান এবং উড়ন্ত চুমু ছুড়ে দেন তাঁরা। রাশমিকার মুখে দেখা যায় নববধূর উজ্জ্বল আভা, আর বিজয়ের মুখজুড়ে শান্ত হাসি।মুহূর্তটি যেন পর্দার শ্রীভল্লী ও বাস্তব জীবনের সামি’র নতুন জীবনের সূচনা হিসেবে ধরা পড়েছে।নবদম্পতি প্রথম প্রকাশ্যে আসার দিনে পরিমিত ও মার্জিত পোশাক বেছে নিয়েছেন।বিজয় পরেছিলেন সাদা স্যাটিন কুর্তা-পাজামা,সঙ্গে সাদা জুতো ও কালো সানগ্লাস। রাশমিকা ছিলেন লাল রঙের সোনালি কারুকাজ করা হাই-কলার অনারকলি স্যুটে। স্বামীর পাশে হাঁটতে হাঁটতে আবারও ফ্যানদের মন জয় করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে ফ্যানদের উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে।অনেকের কাছে মনে হচ্ছে, বিজয়-রাশমিকার সুখ পুরো ইন্টারনেটজুড়ে আনন্দ ছড়িয়ে দিয়েছে।
এর আগে রাজকীয় আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেন রাশমিকা-বিজয়। উদয়পুরে বিয়ের পর এবার হায়দরাবাদে জমকালো রিসেপশন অনুষ্ঠিত হবে।তার আগেই স্বামী-স্ত্রী হিসেবে বিজয় ও রাশমিকার এই প্রথম প্রকাশ্য উপস্থিতি ফ্যানদের মধ্যে নতুন উচ্ছ্বাস ও আবেগ তৈরি করেছে।
