
বহুদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন দক্ষিণী তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা।
সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন, তাঁরা সত্যিই বিয়ের পথে হাঁটছেন। আর ফ্যানদের দেওয়া জনপ্রিয় নামেই নিজেদের জুটিকে ঘোষণা করলেন,বিরোশ। উল্লেখ্য,দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ে সারবেন এই জুটি। যদিও এতদিন সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি কেউই, এবার নিজেরাই সেই জল্পনায় সিলমোহর দিয়েছেন। ফ্যান ফলোয়ারদের উদ্দেশে আবেগঘন বার্তায় তাঁরা লিখেছেন,আমরা কিছু পরিকল্পনা করার আগেই তোমরা সবসময় আমাদের পাশে ছিলে। তোমরাই আমাদের নাম দিয়েছিলে,বিরোশ। তাই নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটিও ফ্যানদের উৎসর্গ করেছেন তাঁরা।এমনকি তাঁদের পরিণয়ের নামও দিয়েছেন,বিরোশের বিয়ে। বার্তায় আরও লিখেছেন, তোমরা আমাদেরই অংশ। অনেক ভালোবাসা ও আলিঙ্গন। তবে বিয়ের নির্দিষ্ট দিন, স্থান কিংবা আয়োজন সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা যুগল। গুঞ্জন রয়েছে, বিয়েতে ক্যামেরা নিষিদ্ধ থাকতে পারে।
অন্যদিকে, আগামী ৪ মার্চ হায়দরাবাদে তাঁদের প্রীতিভোজ অনুষ্ঠিত হবে বলেও শোনা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় একটি আমন্ত্রণপত্র ছড়িয়ে পড়েছে, যদিও এর সত্যতা এখনও নিশ্চিত নয়। উল্লেখ্য, ২০১৭ সালে গীত গোবিন্দম ছবির সেটেই প্রথম দেখা হয় বিজয় ও রাশমিকার। পরে ডিয়ার কমরেড-এ একসঙ্গে অভিনয়ের পর থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন জোরালো হতে থাকে।







