রতন টাটা অনুপ্রেরণা, স্মরণ মোদীর

0
129
যুব সমাজের কাছে রতন টাটা এক অনুপ্রেরণা। রতন টাটার প্রয়াণের এক মাস পরে ফের তাঁকে এইভাবেই স্মরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক্সপোস্টে তিনি লিখেছেন, কর্মব্যস্ত শহর-শহরতলি থেকে শুরু করে গ্রাম পর্যন্ত, সমাজের প্রতিটি ক্ষেত্রে রতন টাটার অনুপস্থিতি গভীর ভাবে অনুভূত হচ্ছে। প্রধানমন্ত্রীর মতে, পোড়খাওয়া শিল্পপতি, উদীয়মান উদ্যোক্তা থেকে শুরু করে কঠোর ভাবে পরিশ্রমী পেশাদার, সকলেই তাঁর অভাবে শোকপ্রকাশ করেছেন। বিশ্ব জুড়েই টাটার অনুপস্থিতি গভীর প্রভাব ফেলেছে। মোদীর মতে, স্বপ্নকে সফল করার জন্য যে লেগে থাকতে হয়, সহানুভূতি ও নম্রতা থাকলেও যে সাফল্য অর্জন করা যায় তা তিনি বারে বারে মনে করিয়ে দিয়েছেন। অনেকের কাছেই রতন টাটা ছিলেন ভারতীয় মূল্যবোধের সর্বোত্তম প্রতিনিধি এবং সংহতি, উৎকর্ষ ও সেবার সুদৃঢ় অঙ্গীকারের প্রতীক। রতন টাটার নেতৃত্বে টাটা গোষ্ঠী নতুন উচ্চতা স্পর্শ করেছিল।
গোটা বিশ্বের সম্ভ্রম অর্জন করেছিল সততা ও বিশ্বাসযোগ্যতার জন্য। গুজরাতের মুখ্যমন্ত্রী ও পরে প্রধানমন্ত্রী থাকার সময়ে প্রয়াত রতন টাটার সঙ্গে তাঁর ব্যক্তিগত যোগাযোগের কথাও স্মরণ করেছেন প্রধানমন্ত্রী।
ছবি  সৌজন্যে :  এক্স