
রাজ্যের প্রথম বিজেপি সরকারের স্পিকার হওয়ার দৌড়ে সবাইকে পিছনে ফেলছেন উত্তরবঙ্গের বিধায়ক রথীন্দ্রনাথ বসু। কোচবিহার দক্ষিণের বিধায়ককে স্পিকার পদপ্রার্থী হিসাবে বেছে নিয়েছে বিজেপি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশাল মিডিয়ায় জানিয়েছেন, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক, সম্মানীয় রথীন্দ্র বসু-কে ১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। তাঁর স্থির বিশ্বাস তিনি সর্বসম্মতিক্রমে পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হবেন। নিয়ম অনুযায়ী, বিধায়কদের শপথের পর বিধানসভায় স্পিকার পদে নির্বাচন হওয়ার কথা। তবে রথীন বসুর নামে যদি বিরোধীরা সায় দিয়ে স্পিকার পদে পালটা কাউকে প্রার্থী না করে, তাহলে নির্বাচনের প্রয়োজন হবে না।
সর্বসম্মতিক্রমেই স্পিকার নির্বাচিত হবেন তিনি।স্পিকার হিসাবে নির্বাচিত হওয়ার পর রথীন্দ্রনাথ বসুর বক্তব্য, দল যা দায়িত্ব দেবে, সেটাই তিনি পালন করবেন।








