
মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বুধবার আরবিআই-এর তরফে গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন রেপো রেট ৫.২৫ শতাংশ থাকছে।
যার ফলে বাড়বে না বাড়ি, গাড়ির ইএমআই। মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময় গোটা বিশ্বের বাজার অস্থির। আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বাধীন মুদ্রানীতি কমিটি ২০২৭ অর্থবর্ষের প্রথম দ্বিমাসিক নীতি নির্ধারণী বৈঠকটি ৬ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত আয়োজন করা হয় এবং আজ বুধবার রেপো রেট সংক্রান্ত সিদ্ধান্তটি ঘোষণা করা হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে এখন পর্যন্ত, আরবিআই রেপো রেট মোট ১২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। আরবিআই পূর্ববর্তী মুদ্রানীতিতে, কেন্দ্রীয় ব্যাংক রেপো রেটের ক্ষেত্রে স্থিতিশিলতা বজায় রেখেছিল।
আরবিআই আশা করছে যে, ২০২৭ অর্থবর্ষে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি ভালোই থাকবে। এর পাশাপাশি তারা ২০২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের (Q1) জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৬.৭ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৯ শতাংশ করেছে এবং দ্বিতীয় ত্রৈমাসিকের পূর্বাভাস ৬.৮ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশে উন্নীত করেছে।






