
আরটিজিএস এবং এনইএফটি-র মাধ্যমে কাউকে টাকা পাঠানোর আগে, ওই ব্যক্তির ব্যাঙ্কে নথিবদ্ধ নাম দেখতে পাবেন প্রেরক। শীঘ্রই এই নিয়ম চালু হয়ে যাচ্ছে দেশের সব ব্যাঙ্কে।
এখন গুগল পে বা ফোন পে-র মতো ইউপিআই প্লাটফর্মগুলিতে এই সুবিধা পাওয়া যায়। অচেনা কোনও নম্বরে বা ইউপিআই আইডিতে টাকা পাঠানোর আগে, কাকে টাকা পাঠানো হচ্ছে সে বিষয়ে প্রেরককে তথ্য দেখিয়ে দেয় ইউপিআই প্লাটফর্ম। মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে গ্রাহকের ব্যাঙ্কে নথিবদ্ধ হওয়া নাম। এবার থেকে আরটিজিএস এবং এনইএফটি করে কাউকে টাকা পাঠানোর আগেও এই সুবিধা পাওয়া যাবে।এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সব ব্যাঙ্ককে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। আগামী বছরের এপ্রিলের মধ্যে সব ব্যাঙ্ককে এই ব্যবস্থা চালু করতে হবে। আরটিজিএস এবং এনইএফটি-র মাধ্যমে যাকে টাকা পাঠানো হচ্ছে, তাঁর নাম যাচাইকরণের প্রক্রিয়া থাকতে হবে ব্যাঙ্কগুলিতে। অনলাইন ব্যাঙ্কিং, মোবাইল অ্যাপের ক্ষেত্রে এই সুবিধা পাবেন প্রেরকেরা।
জারি করা ওই বিজ্ঞপ্তিতে ইউপিআই পরিষেবার প্রসঙ্গও তুলে ধরেছে আরবিআই। ইউপিআই প্লাটফর্মগুলিতে এই পরিষেবার কারণে প্রেরকেরা যে সুবিধা পান, তা উল্লেখ করেছে রিজার্ভ ব্যাঙ্ক।





